ডাচ লিগে ফেইনুর্দ ও এসসি কাম্বিউরের ম্যাচে আতশবাজি ছোড়ার ঘটনায় আহত হয়েছেন স্বাগতিক দলের পাঁচ সমর্থক। কাম্বিউর জানিয়েছে, আহতদের কেউ দগ্ধ হয়েছেন, কারও শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চোখেও আঘাত পেয়েছেন কয়েকজন।
রোববার লিউওয়ার্ডেনের কোই স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে সফরকারী ফেইনুর্দ সমর্থকদের অংশ থেকে বিপুলসংখ্যক লাল ফ্লেয়ার ও আতশবাজি জ্বালানো হয়। কয়েকটি আতশবাজি মাঠ ও স্বাগতিক সমর্থকদের গ্যালারির দিকে ছোড়া হলে ধোঁয়ায় ঢেকে যায় স্টেডিয়াম। পরিস্থিতি সামাল দিতে প্রায় ১০ মিনিট খেলা বন্ধ রাখেন রেফারি।
একটি আতশবাজি ফেইনুর্দের গোলরক্ষক টিয়ার্ক আর্নস্টের মাত্র কয়েক মিটার দূরে বিস্ফোরিত হয়। তবে তিনি কোন রকমে রক্ষা পেয়ে যান। তবে ক্লাবটি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে স্টেডিয়ামের ক্যামেরা ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার উদ্যোগ নিয়েছে।
লিউওয়ার্ডেনের মেয়র ফুর্ট ফন ওস্টেন ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন। কীভাবে এত বিপুল পরিমাণ আতশবাজি স্টেডিয়ামে ঢুকল, সেটিও খতিয়ে দেখা হবে। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনও নিরাপত্তাব্যবস্থা ও নিয়ম পুনর্বিবেচনার কথা জানিয়েছে।
আতশবাজির ঘটনায় ম্যাচ সাময়িক বন্ধ থাকলেও শেষপর্যন্ত খেলা পুনরায় শুরু হয়। মাঠের লড়াইয়ে কাম্বিউরকে ৫-২ গোলে হারিয়ে মৌসুমে অপরাজিত থাকার ধারা ধরে রেখেছে ফেইনুর্দ। অন্যদিকে প্রথম তিন ম্যাচেই হেরেছে কাম্বিউর।









