ফেরি উদ্ধার অভিযানে জাহাজ হামজা-রুস্তম ও নৌবাহিনী, জীবিত উদ্ধার ৬

পাটুরিয়া ঘাটের কাছে একটি নৌকা পানিতে ডুবে গেছে, চারপাশে জল এবং ধোঁয়া দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা দৌলতদিয়া থেকে ঘটনাস্থলের কাছে পৌঁছেছে। একই সাথে মাওয়া ঘাট থেকে রুস্তমও যাত্রা শুরু করেছে। এছাড়া উদ্ধার অভিযানে যোগ দিয়েছে নৌবাহিনী ডুবুরি দল, আইএসপিআর এ তথ্য জানিয়েছে।
আজ সকালে ৮ টার দিকে ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় আসার সময় ৫ নং ঘাটের কাছাকাছি এসে ডুবে যায়।
ফেরিটিতে ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল। দীর্ঘসময় ফেরি উল্টে গিয়ে এর বেশকিছু অংশ পানির ওপরে ভাসমান ছিল। ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে জীবিত উদ্ধার করে। ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ূন কবির (৩৯) নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস এর উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তাফা এবং উর্দ্ধতন কর্মকর্তাগণ উদ্ধার কার্যক্রম জোরদার এবং তদারকি করতে ইতোমধ্যে রওনা দিয়েছেন।
জানা গেছে, ফেরিটি কুয়াশার কারণে নদীর চরে আটকা ছিল। একটি বালিবাহী বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।






