ঘন কুয়াশায় মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকে আছে চারটি ফেরি। চার ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন।
আজ ২৪ জানুয়ারি শুক্রবার ঘাট কর্তৃপক্ষের বরাত দিয়ে ইউএনবি জানায়, পাটুরিয়ায় ৬টি ও দৌলতদিয়া ৪টি এবং আরিচাঘাটে ৩টি ফেরি যাত্রী ও যানবাহন বোঝাই করে আটকে রাখা হয়েছে। এদিকে, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ৪টি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। এর মধ্যে চার শতাধিক পণ্যবাহী ট্রাক, বাকিগুলো যাত্রীবাহী বাস, প্রাইভেটকার-মাইক্রোবাস।
আরিচা সেক্টরের ডিজিএম নাসির চৌধুরী জানান, মধ্য রাত থেকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ঘণ কুয়াশার প্রকোপ বাড়তে থাকায় নৌ দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে আটকে পড়ে বরকত ও কপোতী নামে দুইটি ফেরি। এছাড়া ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটেও রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয় খান জাহান আলী ও চিত্রা নামে দুইটি ফেরি।
তিনি আরও জানান, ঘন কুয়াশা প্রাকৃতিক বিষয়। কুয়াশা না কেটে যাওয়া পর্যন্ত ফেরি চালানো সম্ভব হবে না। কুয়াশার প্রকোপ কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।








