মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী বক্স অফিসে চমক দেখাচ্ছে ফাওয়াদ খান এবং মাহিরা খান অভিনীত পাকিস্তানের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘দ্য লেজেন্ড অফ মৌলা জাঠ’।
মুক্তির মাত্র ১০ দিনে ১০০ কোটি রুপির বেশি আয় করে ইতোমধ্যেই পাকিস্তানি সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ছে ছবিটি। আর এবার ভারতীয় দক্ষিণী সিনেমার খ্যাতিমান পরিচালক এস এস রাজামৌলির ছবি ‘ট্রিপল আর’কেও টেক্কা দিলো এটি।
‘মৌলা জাঠ’ ছবিটির অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের একটি পোস্ট থেকে জানা গেছে, মুক্তির পর বিশ্বব্যাপী রাজামৌলির ছবি ‘ট্রিপল আর’ এর আয় ১১৪৪ কোটি! সে পথেই যেন হাঁটতে যাচ্ছে পাকিস্তানের ছবি ‘দ্য লেজেন্ড অফ মৌলা জাঠ’। শুধু তাই নয়, মুক্তির মাত্র ১৭ দিনে যুক্তরাজ্যে ‘ট্রিপল আর’ এর আয়কে ছাড়িয়ে গেছে ‘মৌলা জাঠ’!
পাকিস্তানের এই ছবিটি নির্মিত হয়েছে ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মৌলা জাঠ’ নামের ক্লাসিক ঘরানার ছবির উপর ভিত্তি করে। যার পরিচালনার দায়িত্বে ছিলেন ইউনুস মালিক। আর ‘দ্য লেজেন্ড অফ মৌলা জাঠ’ নির্মাণ করেছেন বিলাল লসহরি।
২০১৩ সালে পরিচালক এই ছবি প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা দিলেও এর চিত্রনাট্য নিয়ে দীর্ঘ দিন কাজ করেছেন। অতঃপর চিত্রনাট্যের কাজ শেষ হওয়ার তিন বছর পর মুখ্য চরিত্র হিসাবে ফাওয়াদ খান এবং হামজা আলি আব্বাসী সই করেন। এছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।
সূত্র: হিন্দুস্থান টাইমস








