গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ কৃষক মজুর সংহতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আমজাদ হোসেনের জানাজা বিপুল মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১ নভেম্বর) পটুয়াখালীর বাউফলের কালাইয়াতে তার নিজ এলাকায় এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল কফিনে জাতীয় পতাকা মুড়িয়ে ও তোপধ্বনির মাধ্যমে সামরিক সালাম প্রদান করেন।
এস এম আমজাদ হোসেনের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন দলের নেতাকর্মী ও স্থানীয় জনগণ। একইসাথে শ্রদ্ধা নিবেদন করেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও বাংলাদেশ কৃষক মজুর সংহতির সভাপতি দেওয়ান আব্দুর রশীদ নীলু, রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, বাংলাদেশ কৃষক মজুর সংহতির সাধারণ সম্পাদক আবদুল আলীম, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভুইয়া, সম্মিলিত পেশাজীবী সমিতির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন বিপা, কেন্দ্রীয় সদস্য রুবিনা ইয়াসমিন, আরিফুর রহমান মিরাজ, পটুয়াখালী জেলা শাখার সম্পাদক সেলিম মৃধাসহ দলের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে জোনায়েদ সাকি বলেন, বীর মুক্তিযোদ্ধা এস এম আমজাদ হোসেন বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে পেয়ারাবাগান লড়াইয়ের যোদ্ধা ছিলেন। এরপর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। পরবর্তীতে তিনি রাজনীতিতে আসেন মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আদর্শ নিয়ে। আমরা তার এই আদর্শকে ধারণ করি।
তিনি আরও বলেন, এস এম আমজাদ হোসেন তার পেশাদার সৈনিক জীবন শেষেও তার সৈনিকতাকে ধারণ করতেন। দেশ পরিবর্তনের সৈনিক হিসেবে তিনি রাজনীতি করে গেছেন। আমরা দল হিসেবে তার সৈনিকতাকে লালন করে যাবো। কৃষক, শ্রমিক, খেটে খাওয়া জনগণের মুক্তির লক্ষ্যে আমজাদ হোসেনের লড়াই আমরা লড়ে যাবো।
বাংলাদেশের ভূমিহীন কৃষকদের জন্য জোতদার ও দখলদারদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করে অধিকার আদায়ে নেতৃত্ব দেন এস এম আমজাদ হোসেন। কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কৃষক মজুর সংহতিকে সংগঠিত করে কৃষকদের দাবি আদায়ে সোচ্চার ছিলেন তিনি।
সর্বশেষ ২০২৫ সালের অক্টোবর-নভেম্বর মাসে দলের ৫ম কেন্দ্রীয় সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে পুন-নির্বাচিত হন এস এম আমজাদ হোসেন।
সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ বোধ করায় বরিশালের লেবুখালী সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি ঘটায় ঢাকায় নিয়ে আসার পথে গতকাল ২১ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।







