ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। একই ঘটনায় আরেক অভিযুক্ত আলমগীর হোসনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার ৮ মার্চ দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা তাকে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই, নিউজ১৮সহ কয়েককটি সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
খবরে বলা হয়েছে, বাংলাদেশে ওসমান হাদিকে খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত। গ্রেপ্তারকৃত দু’জনের নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন।
ওসমান হাদি গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় যাচ্ছিলেন, তখন বাইকে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
পুলিশ তদন্তে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনসহ অনেকের নাম সামনে আসে।







