চট্টগ্রাম

ভারী বর্ষণে জলাবদ্ধতায় চবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশদ্বার চিহ্নিত সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বার ও সাইনবোর্ড, যেখানে বিশ্ববিদ্যালয়ের নাম বাংলায় লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম বাহন শাটল ট্রেন সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সকালে নগরী হতে ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেওয়া দু’টি শাটল রেললাইনে পানি জমে থাকায় গন্তব্যে পৌঁছাতে পারেনি। এতে সোমবার সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ষোলশহর স্টেশন মাস্টার মো. জয়নাল আবেদিন জানান, সকাল সাড়ে ৭টা এবং ৮টার দুটি শাটলের একটি ক্যান্টনমেন্ট স্টেশনে অপরটি ষোলশহর স্টেশনে আটকে ছিল। বৃষ্টির কারণে রেললাইন ডুবে গেছে, তাই ট্রেন দু’টোকে আবার চট্টগ্রাম স্টেশনে ফেরত আনা হয়।

চবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) চৌধুরী আমির মোহাম্মদ মুছা বলেন, ‘রেললাইন ডুবে যাওয়ায় সোমবার সকাল থেকে শাটল ট্রেন চলাচল বন্ধ আছে। এ কারণে সকল বিভাগের চলতি পরীক্ষা সাময়িক বন্ধ রাখা হয়েছে।’

চবি প্রক্টর নুরুল আজিম সিকদার বলেন, টানা পাঁচদিন ধরে বৃষ্টি হওয়ায় ক্যাম্পাসে একাধিক পাহাড় ধসে পড়েছে এবং নানা স্থানে গাছ উপড়ে বিদ্যুদের তার ছিড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। সোমবার ভোর সাড়ে ৪ টায় ক্যাম্পাসের শাহী কলোনির পাহাড় ধসের সময় বড় একটি গাছ আধা পাকা একটি ঘরের ওপর পড়ে যায়। এসময় ঘরটির দু’পাশের দেয়াল ভেঙে পড়লে প্রতিবেশী ও নিরাপত্তাকর্মীরা তাদের উদ্ধার করে। বাড়ির ৪ সদস্যের একজন মাথায় সামান্য আঘাত পেয়েছে। পরিবারটিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশ্রয় দিয়েছে।

এছাড়াও ক্যাম্পাসের গোলপুকুর এলাকা, কাটাপাহাড় রাস্তা ও পরিবহন দপ্তর সংলগ্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

বিষয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…