দুর্বার গতিতে ছুটছে স্পেন। দেশের মাটিতে সেরাটা দিতে মরিয়া জার্মানি। গ্রুপপর্ব এবং শেষ ষোলো পেরিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে জায়ান্ট দল দুটি মুখোমুখি হচ্ছে।
শুক্রবার স্পেন-জার্মানি ম্যাচ দিয়ে গড়াবে কোয়ার্টারের লড়াই। বাংলাদেশ সময় রাত ১০টায় স্টুটগার্ট অ্যারেনায় শুরু হবে খেলা। ফিফা র্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে আছে স্পেন, ১৬তম স্থানে জার্মানি।
কেউ কাহারে নাহি ছাড়ে সমানে সমান! পরিসংখ্যানে চোখ রাখলে কথাটির যথার্থতা সামনে আসছে। তাতে সামান্য এগিয়ে জার্মানি। সব প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত দুদল ২৬বার মুখোমুখি হয়েছে। জার্মানির ৯ জয়ের বিপক্ষে স্পেনের জয় ৮টিতে। বাকি ৯ ম্যাচ হয়েছে ড্র।
ইউরোতে ৬বারের দেখায় জার্মানি ৩টিতে ও স্পেন ২টিতে জয়ের মুখ দেখেছে। একটি ম্যাচ ছিল ড্র। আসরটিতে দুই জায়ান্ট ১৯৭৬ সালে প্রথম একে অপরের বিপক্ষে লড়েছে। তৎকালীন ওয়েস্ট জার্মানির সঙ্গে স্পেনের খেলা ১-১ গোলে ড্র হয়েছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা তখনো বাজেনি। ১৯৩৫ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথম লড়াইয়ে স্পেন ২-১ গোলে জিতেছিল। ১৯৬৬ সালে প্রথম তারা বিশ্বকাপে মুখোমুখি হয়। জার্মানি ২-১ গোলে জেতে। ২০২২ সালে কাতার বিশ্বকাপে সবশেষ দুদলের দেখায় ১-১ গোলে ড্র হয়েছিল।







