২০ বছর বয়সেই মারা গেছেন জশ বেকার নামের এক ইংলিশ ক্রিকেটার। মৃত্যুর আগের দিনও মাঠে বল হাতে আলো ছড়িয়েছিলেন।
ইংলিশ কাউন্টি দল উস্টারশায়ার বিবৃতি দিয়ে মৃত্যুর খবরটি জানিয়েছে। তবে কীভাবে তিনি মারা গেছেন সেটি জানানো হয়নি। উস্টারশায়ারেই জন্ম এ ক্রিকেটারের এবং খেলতেনও ক্লাবটিতে।
উস্টারশায়ার দ্বিতীয় একাদশের হয়ে বুধবারও মাঠে ছিলেন জশ। সমারসেট দ্বিতীয় একাদশের বিপক্ষে পেয়েছিলেন ৩ উইকেট। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উস্টারশায়ার।
ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের হয়ে ২০২১ সালে দুটি ওয়ানডে খেলেছেন বেকার। ওই বছরই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত বেকার ৪৭ ম্যাচ খেলে নিয়েছেন ৭০ উইকেট। গতবছর উস্টারশায়ারের সঙ্গে তিন বছরের চুক্তি করেছিলেন।







