স্থায়িত্বশীল উন্নয়নের লক্ষ্যে পৌঁছতে পুষ্টি সুশাসন নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও পুষ্টিবিদসহ বিশিষ্টজনেরা।
রাজধানীতে পুষ্টি সুশাসন বিষয়ে গণমাধ্যম সংলাপে তারা বলেছেন, এ বিষয়ে গণমাধ্যমের কার্যকর ভূমিকা পালন করা জরুরি।
গণমাধ্যম উন্নয়ন সংগঠন সমষ্টি’র এ আয়োজনে গণমাধ্যমের নীতি-নির্ধারণী ও সম্পাদকীয় পর্যায়ের ব্যক্তিবর্গ, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের প্রতিনিধি ও উন্নয়ন ব্যক্তিত্বরা যোগ দেন।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের নেতৃত্বে বাস্তবায়নাধীন “কালেক্টিভ রেসপনসিবিলিটি, অ্যাকশন অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি ফর ইম্প্রুভড নিউট্রিশন” প্রকল্পের আওতায় সমষ্টি এ সংলাপের আয়োজন করে। এতে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) কৌশলগত সহযোগিতা প্রদান করে।
সংলাপে প্রধান অতিথি ছিলেন বিএনএনসি’র মহাপরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। সভাপ্রধান ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও টিভি টুডে’র প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল।
বক্তারা গণমাধ্যম সংবাদপ্রবাহে পুষ্টি সুশাসন বিষয়ক সংবাদের ওপর জোর দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং এক্ষেত্রে স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, পুষ্টি সুশাসন মূলত সামগ্রিক পুষ্টিব্যবস্থার নীতি ও কৌশলগত দিকের সঙ্গে যুক্ত। এগুলোর আলোকে বিভিন্ন মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির সুফল মানুষের কাছে কতটা পৌঁছুচ্ছে তা নিয়ে গণমাধ্যমের নিবিড়ভাবে কাজ করার সুযোগ রয়েছে। পাশাপাশি পুষ্টি বিষয়ক ধারণাগুলোর প্রসারেও গণমাধ্যম অগ্রণী ভূমিকা রাখতে পারে।
মনজুরুল আহসান বুলবুল বলেন, গণমাধ্যমে পুষ্টি সুশাসনের মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে আরো অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। এসব বিষয়ে বিশেষায়িত সাংবাদিক তৈরি করতে হবে। পাশাপাশি বিষয়বস্তুর ক্ষেত্রে গণাধ্যমকে সনাতন কাঠামো থেকে বেরিয়ে নতুন নতুন বিষয়ে কাজ করার ওপর গুরুত্ব দিতে হবে।
সমষ্টির পরিচালক মীর মাসরুর জামানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ইন্ডিপেডেন্ট টিভির মিল্লাত হোসেন, আরটিভির শাহ মো. মুস্তাফিজুল আলম, দেশ রূপান্তরের শাহ আলম, বাংলাদেশ টেলিভিশনের জাহিদুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশের ইমতিয়ার শামীম, ডিবিসি নিউজের নঈম তারিক, মানবজমিনের কাজল ঘোষ, ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি শারমিন রিনভী, এশিয়ান টিভি’র মানস ঘোষ, চ্যানেল আইয়ের জাহিদ নেওয়াজ খান, প্রথম আলোর পার্থ শংকর সাহা, এটিএন বাংলার নাদিরা কিরণ ও প্রভাষ আমিন, দেশ টিভির বোরহানুল হক সম্রাট, ফিনান্সিয়াল এক্সপ্রেসের মীর মোস্তাফিজুর রহমান, এনটিভির জহিরুল আলম, ইত্তেফাকের মাইনুল ইসলামসহ অন্যরা।
এছাড়া পুষ্টি সুশাসনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন বিএনএনসি’র উপ-পরিচালক ডা. আকতার ইমাম ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের ইমরানুল হক।







