স্পেসএক্সের মাধ্যমে নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্সএআই অধিগ্রহণের পর ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হলেন ইলন মাস্ক।
সংবাদমাধ্যম ফোর্বস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনের হিসাব অনুযায়ী, একীভূত এই চুক্তিতে নতুন প্রতিষ্ঠানের মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার। এতে মাস্কের সম্পদ এক লাফে ৮৪ বিলিয়ন ডলার বেড়ে রেকর্ড ৮৫২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
চুক্তির আগে বেসরকারি মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্সে মাস্কের মালিকানা ছিল আনুমানিক ৪২ শতাংশ, যার মূল্য ধরা হয়েছিল ৩৩৬ বিলিয়ন ডলার। গত ডিসেম্বরে দেওয়া একটি টেন্ডার অফারে স্পেসএক্সের মোট মূল্য নির্ধারিত হয়েছিল ৮০০ বিলিয়ন ডলার। একই সঙ্গে চলতি মাসের শুরুতে ব্যক্তিগত তহবিল সংগ্রহের ভিত্তিতে এক্সএআই–এর মূল্যায়ন ছিল ২৫০ বিলিয়ন ডলার, যেখানে মাস্কের অংশীদারিত্ব প্রায় ৪৯ শতাংশ বা ১২২ বিলিয়ন ডলার।
একীভূত হওয়ার পর স্পেসএক্সের মূল্য ১ ট্রিলিয়ন ডলার এবং এক্সএআই–এর মূল্য ২৫০ বিলিয়ন ডলার ধরা হয়েছে। এতে নতুন প্রতিষ্ঠানে মাস্কের মালিকানা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ শতাংশ, যার আনুমানিক মূল্য ৫৪২ বিলিয়ন ডলার।
এতে স্পষ্টভাবে স্পেসএক্সই এখন মাস্কের সবচেয়ে মূল্যবান সম্পদ। পাশাপাশি তিনি টেসলায় ১২ শতাংশ শেয়ারের মালিক, যার মূল্য প্রায় ১৭৮ বিলিয়ন ডলার।
এ ছাড়া টেসলার শেয়ার অপশন রয়েছে আরও প্রায় ১২৪ বিলিয়ন ডলারের। এর বাইরে গত নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা যে রেকর্ড পারিশ্রমিক প্যাকেজ অনুমোদন করেছেন, তাতে ভবিষ্যতে টেসলার বাজারমূল্য আগামী ১০ বছরে আট গুণ বাড়াতে পারলে মাস্ক অতিরিক্ত প্রায় ১ ট্রিলিয়ন ডলারের শেয়ার পেতে পারেন।
এক বছরেরও কম সময়ের মধ্যে এটি মাস্কের কোম্পানি একীভূত করার দ্বিতীয় ঘটনা। গত বছরের মার্চে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-কে একসাথে করার ঘোষণা দেন। ওই চুক্তিতে এক্সএআই–এর মূল্য ধরা হয়েছিল ৮০ বিলিয়ন ডলার এবং এক্স–এর মূল্য ৩৩ বিলিয়ন ডলার।
এসব চুক্তিতে একই সঙ্গে ক্রেতা ও বিক্রেতা হওয়ায় মূল্যায়ন নিয়ে কিছু প্রশ্ন উঠলেও, সব প্রতিষ্ঠান এখন স্পেসএক্সের অংশ হওয়ায় এবং চলতি বছরের শেষ দিকে সম্ভাব্য আইপিও আসায় এগুলো শিগগিরই পুঁজিবাজারের কড়া নজরদারির মুখে পড়বে।
মাত্র চার মাসেই সম্পদের চারটি বড় মাইলফলক ছুঁয়েছেন মাস্ক। অক্টোবরে তিনি প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলারের মালিক হন। ১৫ ডিসেম্বর স্পেসএক্সের মূল্য ৮০০ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ায় তার সম্পদ দাঁড়ায় ৬০০ বিলিয়ন ডলার। চার দিন পর ডেলাওয়ার সুপ্রিম কোর্ট টেসলার শেয়ার অপশন ফিরিয়ে দেওয়ায় তিনি ৭০০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেন।
বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি গুগলের সহ–প্রতিষ্ঠাতা ল্যারি পেজের তুলনায় মাস্কের সম্পদ ৫৭৮ বিলিয়ন ডলার বেশি। ল্যারি পেজের সম্পদ যেখানে আনুমানিক ২৮১ বিলিয়ন ডলার, সেখানে মাস্ক এখন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন।








