প্রবাসী বাংলাদেশীদের ভোটের আওতায় আনতে কার্যকর উপায় খুঁজছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেন, এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে প্রবাসীদের ভোটদানের উপযোগী পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞ পর্যায়ের কর্মশালায় তিনি এসব কথা বলেন।
দিনব্যাপী কর্মশালায় অংশ নেন বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ ধরনের কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলে আশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচনেই প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন। সে লক্ষ্যেই কাজ এগিয়ে চলছে।







