জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেজপুর গ্রামে বাড়ির প্রাচীর নির্মাণ করাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মমতাজ উদ্দিন (৬৮) নিহত হয়েছেন।
শনিবার ২৪ জুন দুপুরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত মমতাজ উদ্দিন ওই গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, চলতি মাসের ১৬ জুন দানেজপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মমতাজ উদ্দিন ও আমজাদ হোসেন (৬৫) বাড়ির প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে তর্কে জড়ান। একপর্যায়ে ছোট ভাই আমজাদ হোসেন তার বড় ভাই মমতাজ উদ্দিনকে লাঠি দিয়ে আঘাত করেন। পরে গুরতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে চিকিৎসা শেষে শুক্রবার বাড়ীতে নিয়ে গেলে আজ ভোর রাতে তিনি মারা যান।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।







