থিয়েটার করলেই ভালো চলচ্চিত্র অভিনেতা হওয়া যায় না
বললেন ভারতের গুণী অভিনেতা সৌরভ শুক্লা

থিয়েটারে অভিনয় করলেই যে কেউ ভালো চলচ্চিত্র অভিনেতা হয়ে উঠবেন, এমন কোনো নিশ্চয়তা নেই। আবার থিয়েটারের অভিজ্ঞতা না থাকলেও ভালো চলচ্চিত্র অভিনেতা হওয়া সম্ভব। এমনটাই মনে করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা সৌরভ শুক্লা।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে থিয়েটার ও চলচ্চিত্রে অভিনয়ের পার্থক্য, নিজের নাটক এবং চলতি বছরে পর্দায় তার কাজ নিয়ে কথা বলেছেন এই অভিনেতা।
সৌরভ শুক্লার লেখা, পরিচালনা ও অভিনীত থ্রিলারধর্মী নাটক ‘বার্ফ’ মঞ্চে আসার ১০ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে নাটকটি নিয়ে চলতি মাসে পুনের দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। এর আগে বিশ্বের বিভিন্ন জায়গায় মঞ্চস্থ হয়েছে নাটকটি।
দীর্ঘ এক দশক ধরে একই নাটকে অভিনয়ের আগ্রহ কীভাবে ধরে রেখেছেন, সে প্রসঙ্গে সৌরভ বলেন, প্রতিবার মঞ্চস্থ হওয়ার সময় একটি নাটকে নতুন কিছু আবিষ্কারের সুযোগ থাকতে হয়। যেদিন নাটকটি আর নতুন করে চমকে দিতে পারবে না, সেদিনই তার সমাপ্তি ঘটবে। ১০ বছর আগে প্রথম প্রদর্শনীর সময় যেমন উত্তেজনা অনুভব করেছিলেন, এখনো সেই অনুভূতি একই রকম রয়েছে।
থিয়েটার ও চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে সৌরভের ভাষ্য, এই দুই মাধ্যমের অভিনয়কে একে অপরের সঙ্গে সরাসরি সম্পর্কিত বা নির্ভরশীল মনে করা ভুল। সাধারণত অনেকে মনে করেন, থিয়েটারের অভিনয় বেশি উচ্চকণ্ঠের আর চলচ্চিত্রের অভিনয় অনেক বেশি সংযত। কিন্তু বিষয়টি এমন নয়। বরং কোন মাধ্যমে কীভাবে অভিনয় করতে হয়, সেটি বোঝার ওপরই পার্থক্য নির্ভর করে।
তার মতে, চলচ্চিত্রে অভিনয়ের ক্ষেত্রে অনুশীলন ও অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। তবে সিনেমা নির্মাণ ব্যয়বহুল হওয়ায় কাজ করতে করতেই শেখার জন্য সেখানে পর্যাপ্ত সময় পাওয়া যায় না। অন্যদিকে, থিয়েটারে অনুশীলন ও নিজেকে উন্নত করার সুযোগ তুলনামূলক বেশি। এটি একজন অভিনেতার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।
তবে থিয়েটার করলেই যে কেউ চলচ্চিত্রে অসাধারণ অভিনেতা হবেন, এমন নয়। একইভাবে থিয়েটারের অভিজ্ঞতা না থাকলেও কেউ ভালো চলচ্চিত্র অভিনেতা হতে পারেন। বিষয়টি সম্পূর্ণ ব্যক্তির নিজস্ব দক্ষতা ও অভিনয়ের ধরন বুঝে নেওয়ার ওপর নির্ভর করে।
সৌরভ আরও বলেন, অভিনয়ের দক্ষতা বাড়ানো ও নিজেকে বিকশিত করার জন্য থিয়েটার দারুণ একটি মাধ্যম। তবে পর্দায় অভিনয় করতে চাইলে থিয়েটার করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। থিয়েটারে অর্থনৈতিক চাপ তুলনামূলক কম এবং প্রস্তুতির জন্য বেশি সময় পাওয়া যায়। অন্যদিকে, চলচ্চিত্র নির্মাণে বিপুল অর্থ ও জনশক্তি জড়িত থাকায় কাজের ক্ষেত্রে নিখুঁত হওয়ার প্রয়োজন বেশি।
চলতি বছর পর্দায়ও বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন সৌরভ শুক্লা। তার পরিচালিত ‘জব খুলী কিতাব’ মুক্তি পেয়েছে এ বছর। পাশাপাশি ‘দৃশ্যম ৩’-এর বক্স অফিস সাফল্যেও যুক্ত হয়েছেন তিনি। বছরের শেষদিকে মুক্তির অপেক্ষায় থাকা ‘কিং’ সিনেমা নিয়েও আশাবাদী এই অভিনেতা।
গত বছরের কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সৌরভ বলেন, বছরটি তার জন্য বেশ ভালো কেটেছে। আগামী বছর মুক্তি পাবে এমন আরও বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। সব মিলিয়ে নিজের কাজ নিয়ে সন্তুষ্ট এই অভিনেতা। হিন্দুস্তান টাইমস





