ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। সংস্থাটি লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
বিটিটিসির ব্যাখ্যা অনুযায়ী, গড় এলসি মূল্য, ইনবন্ড ও এক্সবন্ড খরচ এবং ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় এই মূল্যবৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ফলে বছরের শেষ দিকে বাজারে ভোজ্যতেলের দাম আবারও বাড়তে পারে।
কমিশন জানায়, গত ২৭ জুলাইয়ের মূল্য সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩ আগস্ট থেকে প্রতি লিটার সয়াবিন তেল ১৮৯ টাকায় বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতা ও ডলারের মূল্যবৃদ্ধির প্রভাবে আমদানি ব্যয় বাড়তে শুরু করে। নভেম্বরে শুরুর দিকে প্রতি মেট্রিক টন সয়াবিন তেলের আন্তর্জাতিক বাজারমূল্য দাঁড়ায় ১ হাজার ৬২ ডলার, আর পাম তেলের দাম হয় ১ হাজার ৩৭ ডলার।
এই পরিস্থিতিতে কমিশন প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা ধরে নতুন দামে পরিশোধিত সয়াবিন ও পাম সুপার তেলের মূল্য সমন্বয়ের সুপারিশ করেছে।
প্রস্তাব অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৮ টাকা ২৭ পয়সা, এবং খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ১৭৭ টাকা ৮৫ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশের বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ১৪ শতাংশ বেড়েছে।








