ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশে উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে নিজ নিজ এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৪৫ লাখ নতুন ভোটারের তথ্য যুক্ত করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) ভোটার তালিকা হালনাগাদের এ তালিকা প্রকাশ করে ইসি।
ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকাশিত খসড়ায় কোনো তথ্যের ভুল, ত্রুটি-বিচ্যুতি থাকলে সংশোধনের জন্য আবেদন করা যাবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। পাশাপাশি যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, অযোগ্য বা মৃত ব্যক্তির নাম কর্তন এবং ভোটার স্থানান্তরের আবেদনও এই সময়ের মধ্যে করা যাবে।
প্রকাশিত খসড়ায় নতুন করে যুক্ত হয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। মারা যাওয়ায় কর্তনকৃত ভোটার ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। নতুন করে ভোটার অন্তর্ভুক্তি ২৪ লাখ ৩৮ হাজার ৬২৬ জন। মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯শ।
যাদের বয়স ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে ১৮ বছর পূর্ণ হবে, তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।
আপত্তি বা সংশোধনের চূড়ান্ত সময়সীমা ২৯ আগস্ট ২০২৫ পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।








