আদালত

হাইকোর্টের রায়ে ইসির সিদ্ধান্ত অবৈধ: বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আকাশের নিচে বিশাল গম্বুজসহ স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি করার ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে আগের চারটি আসন বহাল রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

সোমবার ১০ অক্টোবর, এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

রিটের পক্ষের এই আইনজীবী বলেন, ‘বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছিল। যেখানে বাগেরহাট-৪ আসন কেটে গাজীপুর-৬ আসন করা হয়েছিল। এখন বাগেরহাট-৪ আসন পুনর্বহাল হবে এবং গাজীপুর-৬ আসন বাদ পড়বে।’

গত ৪ সেপ্টেম্বর ইসির চূড়ান্ত গেজেটে চারটি আসন থেকে একটি কমিয়ে বাগেরহাটকে তিন আসন দেওয়া হয়। ওই গেজেট অনুযায়ী বাগেরহাট সদর, চিতলমারী ও মোল্লাহাট নিয়ে বাগেরহাট-১; ফকিরহাট, রামপাল ও মোংলা নিয়ে বাগেরহাট-২ এবং কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা নিয়ে বাগেরহাট-৩ আসন গঠিত হয়।

এর আগে বাগেরহাট-১ ছিল চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট; বাগেরহাট-২ ছিল বাগেরহাট সদর-কচুয়া; বাগেরহাট-৩ ছিল রামপাল-মোংলা এবং বাগেরহাট-৪ ছিল মোরেলগঞ্জ-শরণখোলা।

তবে নির্বাচন কমিশনের ওই গেজেট চ্যালেঞ্জ করে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের আবেদন জানিয়ে হাইকোর্টে দুটি রিট করা হয়। বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেলা ট্রাক মালিক সমিতি রিট দুটি করেন।

এই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৬ সেপ্টেম্বর চারটি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ হবে না, তা জানাতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়। আজ রুলের শুনানি শেষে রায় দেন হাইকোর্ট।

বিষয়:ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসি গেজেট জামায়াতে ইসলামী নির্বাচন কমিশন বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…