মিয়ানমারে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। যা অনুভূত হয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকায়ও। রিখটার স্কেলে এর মাত্রা ৫ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রোববার দুপুর ২টা ৪৪ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮।
এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইনের মাওলাইক থেকে ৯২.৬ কিলোমিটার দক্ষিণে, ভারতের মিজোরামের শিহা থেকে ১৬৮.৫ কিলোমিটার পূর্ব দক্ষিণ-পূর্বে এবং ঢাকা থেকে ৪৪২ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০৭.২ কিলোমিটার গভীরে।
এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে বুধবার (২৯ মে) মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপেছিল বাংলাদেশের দুই সীমান্তবর্তী দেশ ভারত ও মিয়ানমার। এর মধ্যে মিয়ানমারে আঘাত হানে দুটি ভূকম্প, আর ভারতে একটি।
এনসিএসের তথ্যমতে, ২৯ মে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩২ মিনিটে প্রথমবার ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। বাংলাদেশের সিলেট সীমান্ত থেকে এই অঞ্চলটি খুব বেশি দূরে নয়।
এর কয়েক মিনিট পরেই ভূকম্পন অনুভূত হয় ভারতের হিমাচল প্রদেশে। লাহৌল ও স্পিতি অঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ১।








