তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

ভূমিকম্পের কারণে ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধ্বংসাবশেষের দৃশ্য, ব্যাপক ক্ষতি ও ধ্বংসের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে অসংখ্য হতাহতের ঘটনায় বাংলাদেশে আগামীকাল ৯ ফেব্রুয়ারি একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
আজ মন্ত্রী পরিষদ বিভাগের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্নার শান্তির জন্য দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
উল্লেখ্য, গত সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বেশকিছু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইতোমধ্যে দেশ দুটিতে মৃতের সংখ্যা ১০ হাজার অতিক্রম করেছে। বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। ধ্বংস্তুপের নিচে এখনও অনেকে আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের উদ্ধার তৎপরতায় ইতোমধ্যে যোগ দিয়েছে বিশ্বের অনেক দেশ। বাংলাদেশ থেকেও ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার তৎপরতায় যোগ দেওয়ার উদ্দেশে তুরস্কে যাচ্ছে।






