বৈরী আবহাওয়ার কারণে সারা দিনে একবারও দেখা মেলেনি রোদের। তবে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন বেন ডাকেট ও অলি পোপ। প্রথম দুই টেস্টের রান খরা কাটিয়ে সেঞ্চুরি পেয়েছেন পোপ। আগ্রাসী ব্যাটিংয়ে দর্শকদের উপভোগ্য এক ইনিংস উপহার দেন ডাকেট। গড়ে দেন বড় সংগ্রহের ভিত।
লন্ডনের দ্য ওভালে বৃষ্টি আর আলোকস্বল্পতায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন খেলা হয়েছে কেবল ৪৪.১ ওভার। দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করেছে স্বাগতিক দল। লঙ্কানদের হয়ে লাহিরু কুমারা দুটি, মিলন রত্নায়েকে একটি উইকেট শিকার করেছেন।
বেন স্টোকসের চোটে এই সিরিজে ইংল্যান্ডের নেতৃত্ব পেয়ে প্রথম দুই টেস্টে কেবল ৩০ রান করেন পোপ। এর মধ্যে দুই অঙ্কের রান পেতে ব্যর্থ হন তিনবার। তৃতীয় টেস্টে তিনি ১০৩ বলে ১০৩ রান করে অপরাজিত আছেন। ১০০ স্ট্রাইক রেটের ইনিংসে ১৩ চারের সঙ্গে ছক্কা মেরেছেন ২টি।
পোপের এটি সপ্তম টেস্ট সেঞ্চুরি, সবগুলোই ভিন্ন সাত দলের বিপক্ষে। টেস্ট ক্যারিয়ারের প্রথম ৭ সেঞ্চুরি ভিন্ন সাত দলের বিপক্ষে করা ইতিহাসের প্রথম ব্যাটসম্যান তিনিই। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে টেস্টে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষে দ্রুততম ৯৫ বলে সেঞ্চুরি করেছিলেন গ্রাহাম গুচ।
৭৯ বলে ৮৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ডাকেট। ৯ চার ও ২ ছক্কায় ৮৬ রান আসে তার ব্যাট থেকে। প্রথম দিনের ইনিংস শেষে ডাকেট বলেছন, ‘আমি মনে করি ভক্ত-সমর্থকরা অল্প সময়ের মধ্যে বেশ ভালো একটি দিনের ক্রিকেট উপভোগ করেছে। এখানে এমনটা প্রায়ই হয়, এটাই হলো ইংল্যান্ডে থাকার এবং এখানকার ক্রিকেটের শর্ত।’







