টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে সিরিজ খেলছে পাকিস্তান। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে। শুধু ঘুরে দাঁড়ানোই নয়, বিশ্বকাপের আগে ব্যাটারদের ঝালিয়ে নেয়ার লক্ষ্যেও নেমেছিল বাবর আজমের দল। আয়ারল্যান্ডের দেয়া দুশর কাছাকাছি লক্ষ্য তাড়ায় প্রথম দুই ওভারে দুই উইকেট হারায় তারা। চাপে পড়লেও দারুণভাবে সামাল দেন মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে আইরিশদের উড়িয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাবর-বাহিনী।
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে দ্বিতীয়টিতে রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। আইরিশদের দেয়া ১৯৩ রান ১৯ বল হাতে রেখে পেরিয়ে যায় দলটি। রিজওয়ান ৬ চার ও ৪ ছয়ে ৪৬ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন। ফখর আউট হন ৬টি করে চার-ছয়ে ৪০ বলে ৭৮ করে।
ম্যাচ শেষে স্বস্তির ঢেঁকুর তুলেছেন বাবর। ১-২ ওভার আগে ম্যাচ শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও ৩.১ ওভার অর্থাৎ, ১৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান।
‘জয়টি আমাদের জন্য স্বস্তির। ব্যাটাররা যেভাবে খেলেছে, সকল কৃতিত্বই তাদের। বোলিংয়ের পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ১৮-১৯ ওভারে মধ্যে রানতাড়া করব। সে অনুযায়ী পাওয়ার প্লে-টা দারুণভাবে কাজে লাগিয়েছি। দুই উইকেট হারানো সত্ত্বেও ম্যাচের গতি ধরে রাখতে পেরেছিলাম।’
ব্যাটিং ভালো হলেও আশানুরূপ বল করতে পারেনি দল। বোলিংয়ে আরও উন্নতি করতে হবে, মনে করছেন অধিনায়ক। বাবর বলেছেন, ‘আমরা ভালো বোলিং করিনি। শুরুটা ভালো হলেও শেষ তেমন হয়নি। ১৭০-১৮০ রানের মধ্যে আটকাতে চেয়েছিলাম, কিন্তু শেষ ৩ ওভারে তারা যেভাবে খেলেছে তার জন্য কৃতিত্ব আয়ারল্যান্ডের ব্যাটারদের।’
মঙ্গলবার ডাবলিনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে পাকিস্তান ও আয়ারল্যান্ড।








