সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত পোস্ট পুলিশ সদর দপ্তরের নজরে এসেছে। এ ধরনের পোস্ট নিছক গুজব বলে এতে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের গুজব রটনাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তৎপর রয়েছে। কেউ এ ধরনের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এরআগে শনিবার রাতে চ্যানেল আই অনলাইনে ‘ফেসবুকে ৩৫ শিশু নিখোঁজের গুজব’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে বলা হয় ‘৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজ বা হারানো গেছে’ এমন খবরে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে খোঁজ নিয়ে জানা গেছে এগুলো শুধুই গুজব। যারা হারিয়েছে তারা ঘণ্টা চারেক বাসায় ছিলো না। আবার কোন শিশু দূরে তাদের বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল।
রিপোর্টে বলা হয়, শনিবার সকাল থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে বা কোন ব্যক্তিগত আইডি থেকে শিশু-কিশোর হারানোর তথ্য ফেসবুকে ভাসতে থাকে। এর বেশিরভাগই চট্টগ্রাম ও কক্সবাজার জেলা কেন্দ্রিক ফেসবুক আইডি থেকে ছড়ানো হয়। সারাদিন ব্যাপী এসব পোস্টগুলোর স্ক্রিনশর্ট থেকে দেখা যায়, কিছু পোস্টে কেবল মাদ্রাসা ছাত্র নিখোঁজ হচ্ছে, আবার কিছু পোস্টে মুসলিম ছাত্র, কোথাও মেয়েদের কথা বলা হয়েছে। কোথাও স্থান বদলে ঢাকা, চট্টগ্রামের সঙ্গে অন্যান্য জেলার নামও জুড়ে দেওয়া হয়েছে।








