যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টার মামলায় নতুন অভিযোগ এনে চার্জগঠন করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, ডিপার্টমেন্ট অফ জাস্টিসের স্পেশাল কাউন্সেলের জ্যাক স্মিথের আনা সংশোধিত অভিযোগে ট্রাম্পকে চারটি অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে। অভিযোগগুলো হল- যুক্তরাষ্ট্রকে প্রতারণা করার ষড়যন্ত্র, একটি অফিসিয়াল কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্র, একটি অফিসিয়াল কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা এবং অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র।
গত বছর মামলাটি করার পর ট্রাম্পের বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছিলো। নতুন চার্জশীটেও রয়েছে ওই বিষয়গুলো। তবে নতুন অভিযোগের বিশেষ দিক হলো এতে ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে নয় বরং দেশটিতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে একজন রাজনৈতিক নেতা হিসেবে তার পুনরায় নির্বাচিত হতে চাওয়াকে চ্যালেঞ্জ করা হয়েছে। অভিযোগে যুক্তি দেয়া হয়েছে যে, ট্রাম্প তখন সাধারণ নাগরিক হিসেবে এই কাজ করেছিলেন। রাষ্ট্রপতি হিসেবে নয়।
ধারণা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটনের জেলা আদালতে শুরু হবে নতুন অভিযোগের শুনানি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের করা মামলাটি থেকে গত ১ জুলাই দায়মুক্তি দেয়া হয়েছিলো ট্রাম্পকে।
এই বিষয়ে ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেছেন, নতুন অভিযোগটি নির্বাচন থেকে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা। তিনি এই অভিযোগ অবিলম্বে বাতিল করার আহ্বান জানিয়েছেন।








