অন্যান্য

জেদ্দায় আগুনে নিহত দোহারের ২ প্রবাসীর পরিবারের পাশে শামীমা রাহিম শিলা

জেদ্দায় আগুনে নিহত দোহারের ২ প্রবাসীর পরিবারের পাশে শামীমা রাহিম শিলা

সৌদি আরবের জেদ্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ঢাকার দোহার উপজেলার দুই প্রবাসী—মহিউল ইসলাম পলাশ ও ওবায়দুল ইসলামের শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা। লন্ডন থেকে দেশে ফিরেই তিনি নিহতদের স্বজনদের সমবেদনা জানান এবং পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

রোববার (১৮ অক্টোবর) দেশে ফিরে তিনি দোহারের উত্তর শিমুলিয়া গ্রামে নিহত পলাশ ও ওবায়দুলের বাড়িতে যান। এ সময় শামীমা রাহিম শিলা শোকসন্তপ্ত মায়েদের সান্ত্বনা দেন এবং তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে নিহত পলাশের ৯ বছরের মেয়ের পড়াশোনা যেন কোনোভাবেই বন্ধ না হয়, সে বিষয়ে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

পরিবারের সদস্যদের উদ্দেশ্যে শামীমা রাহিম শিলা বলেন, ‘লন্ডন থেকে দেশে ফিরেই হৃদয়ের টানে পলাশের দুই সন্তানকে দেখতে এসেছি। দোহার একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে আমাদের এলাকার অনেক পরিবার চলে। তাই তাদের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তাদের বিপদে-আপদে আমাদের সব সময় পাশে দাঁড়াতে হবে।’

প্রবাসীদের সম্মান ও মূল্যায়নের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রবাসীদের যেন আমরা শুধু টাকা তৈরির মেশিন হিসেবে না দেখি। তারা প্রবাসে হাড়ভাঙা পরিশ্রম করেন দেশের মানুষকে ভালো রাখতে। নিজের সন্তানদের সুখে রাখতে বিদেশে পাড়ি জমানো সেই বাবাকেই চলে যেতে হলো ৯ বছরের মেয়ে ও মাত্র ৩ মাসের ছেলেকে রেখে। এমনকি নিজের ছোট ছেলের মুখটাও তিনি দেখে যেতে পারেননি।’

সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রবাসে কেউ মারা গেলে বা দুর্ঘটনায় পড়লে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো সমাজের সামর্থ্যবান মানুষদের দায়িত্ব।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর সৌদি আরবের জেদ্দা শহরের তামান ইন আখের এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘটনাস্থলেই ভবনটিতে অবস্থানরত দোহারের উত্তর শিমুলিয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে মহিউল ইসলাম পলাশ এবং একই গ্রামের হারুন বেপারির ছেলে ওবায়দুল ইসলাম আগুনে পুড়ে মারা যান। জীবিকার তাগিদে কয়েক বছর আগে তারা সৌদি আরবে গিয়েছিলেন।

বিষয়:জেদ্দায় ভয়াবহ অগ্নিকাণ্ড জেলা মহিলা দলের সভাপতি ঢাকার দোহার
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…