ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
গত ২৬ জুলাই জ্বরে আক্রান্ত হন ডা. দেওয়ান আলমিনা মিশু নামের চিকিৎসক। পরে স্বাস্থ্য পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। প্রথমদিকে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থা খারাপ হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
ডা. মিশু এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিন চারদিন আগে সেখান থেকে জানানো হয় তার ব্রেন ডেড। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
৩৯ তম বিসিএস নিয়োগ প্রাপ্ত এই চিকিৎসক আজ রাত ১টা ১৫ মিনিটে ডেঙ্গু সংক্রান্ত জটিলতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. এম এ মান্নান জানিয়েছেন, ডা. দেওয়ান আলমিনা মিশু ইনস্টিটিউটের এমএস কোর্সের শিক্ষার্থী ছিলেন। আসছে জানুয়ারিতে তার চুড়ান্ত পরীক্ষা দেওয়ার কথা ছিল।
এই চিকিৎসকের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।







