রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে ‘পেট্রোলবোমা’ সাদৃশ বস্তু নিক্ষেপের অভিযোগের বিষয়ে বিবৃতি দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ অক্টোবর শুক্রবার রাত আনুমানিক ৮টায় রাজধানীর তাঁতীবাজার ১৭ নং পূজা মণ্ডপের পেছনে একদল ছিনতাইকারী মণ্ডপে আসা একজন নারীর গলার চেইন ছিনতাই এর চেষ্টা করে। এসময় নারীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
এতে ঘটনাস্থলে পাঁচ জন আহত হয়। আহতদের মধ্যে কারও হাতে, কারও গলায়, কারও বুকে আঘাত লাগে। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের সহায়তায় পুলিশ তিন ছিনতাইকারীকে আটক করে। আটককৃতদের কাছ থেকে একটি চাকু ও একটি চেইন এবং ঘটনাস্থল থেকে তরল পদার্থ ভর্তি একটি বোতল উদ্ধার করা হয়েছে।
আহতদেরকে চিকিৎসার জন্য পুলিশের সহায়তায় মিডফোর্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।







