বিনোদন

সাধক কবীরের জীবন ও দর্শন নিয়ে বলিউডে সিনেমা

সাধক কবীরের জীবন ও দর্শন নিয়ে বলিউডে সিনেমা

পঞ্চদশ শতকের কবি ও সমাজসংস্কারক সাধক কবীরের জীবন ও দর্শন এবার উঠে আসতে চলেছে বড় পর্দায়। তাকে নিয়ে ‘কবীরা’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন ‘রাম সেতু’ খ্যাত পরিচালক অভিষেক শর্মা। সিনেমাটিতে কবীরের জীবন, সাহিত্য, মানবতাবাদী চিন্তাধারা এবং সামাজিক বিভেদবিরোধী দর্শন তুলে ধরা হবে। 

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুযায়ী, মহাবীর জৈন ও অমিত উপাধ্যায়ের উপস্থাপনায় নির্মিত হবে সিনেমাটি। সিনেমাটি প্রযোজনা করবে মহাবীর জৈন ফিল্মস, সরল বল্লভ বনশালী ও শ্রদ্ধা সিং।

পঞ্চদশ শতকের কাশী, বর্তমান বারাণসীকে কেন্দ্র করে আবর্তিত হবে ‘কবীরা’র গল্প। ধর্মীয় গোঁড়ামি, জাতপাতের বিভেদ ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সাধক কবীরের অবস্থান সিনেমাটির অন্যতম প্রধান বিষয়। তার মানবতাবাদী দর্শন এবং মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বার্তাও গুরুত্ব পাবে এতে।

সাধক কবীরের জীবন ও দর্শন নিয়ে বলিউডে সিনেমাপ্রচলিত বিবরণ অনুযায়ী, কবীরের জন্ম হয়েছিল এক হিন্দু মায়ের ঘরে। পরে তিনি বেড়ে ওঠেন একটি মুসলিম তাঁতি পরিবারে। তার কবিতা ও দর্শনে ধর্মীয় বিভেদ অতিক্রম করে মানবতার কথা উঠে এসেছে। ধর্ম ও সম্প্রদায়ের পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি।

সিনেমাটির সংগীত পরিচালনায় থাকবেন তানিষ্ক বাগচী। কবীরের কবিতা ও দর্শনকে আরও গভীরভাবে তুলে ধরতে লোকসংগীত, সুফি ও ধ্রুপদি সংগীতের সমন্বয় ঘটানোর পরিকল্পনা রয়েছে তার। সংগীতের মধ্য দিয়ে কবীরের সাহিত্যকর্ম ও কালজয়ী চিন্তাধারাকে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করতে চান নির্মাতারা।

এর আগে ‘তেরে বিন লাদেন’, ‘দ্য জয়া ফ্যাক্টর’, ‘পরমাণু: দ্য স্টোরি অব পোখরান’ এবং ‘রাম সেতু’র মতো সিনেমা পরিচালনা করেছেন অভিষেক শর্মা। এবার ঐতিহাসিক ও আধ্যাত্মিক প্রেক্ষাপটের একটি গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, সাধক কবীরের জীবন ও কর্ম নিয়ে এর আগেও একাধিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে। সেসব কাজের মধ্যে রয়েছে ‘চলো হামারা দেশ’, ‘কবীরা খাড়া বাজার মে’ এবং কন্নড় চলচ্চিত্র ‘সন্তেয়াল্লি নিন্থা কবিরা’। শেষের সিনেমাটিতে সাধক কবীরের চরিত্রে অভিনয় করেছিলেন শিবরাজকুমার। টেলিগ্রাফ ইন্ডিয়া

বিষয়:অভিষেক শর্মা কবি কবিরা পঞ্চদশ শতক রাম সেতু সমাজসংস্কারক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…