ঈদে টেলিভিশনে প্রচারিত নাটকগুলো ধীরে ধীরে ইউটিউবে উন্মুক্ত হচ্ছে। দর্শকরাও নাটকগুলো উপভোগ করছেন। নানাভাবে নিজেদের মতামত জানাচ্ছেন। প্রকাশিত অসংখ্য নাটকের ভিড়ে অন্যতম প্রশংসনীয় একটি কাজ ‘এখানেই শেষ নয়’ চোখে পড়েছে।
মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নির্মিত এ নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। হৃদয় ছুঁয়ে যাওয়া সংলাপ ও রোমান্টিক ট্র্যাজেডি গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘এখানেই শেষ নয়’।
এক দম্পতির নিষ্পাপ ভালোবাসা ও একটি অদৃশ্য অসুস্থতাকে কেন্দ্র করে উপস্থাপন করেছেন আরিয়ান। গল্প ও সংলাপে নাটকটি অনেককেই নতুন করে ভালোবাসতে শেখাচ্ছে। হাজারও দর্শক নাটকটি দেখে আরিয়ানসহ তৌসিফ-ফারিণের ভূয়সী প্রশংসা করছেন।
তবে ইউটিউবে প্রকাশিত এতো ভালো একটি নাটকের ভিউ তুলনামূলক কম! ১৩ জুলাই জি সিরিজের ইউটিউবে ‘এখানেই শেষ নয়’ নাটকটি উন্মুক্তের পর ১৫ জুলাই দুপুর পর্যন্ত দেখা যাচ্ছে ২ লাখ ৫৫ হাজার, চোখ এড়ায়নি দেড় হাজার ইতিবাচক মন্তব্য। বেশীরভাগ নাটক ইতিবাচক মন্তব্যের পাশাপাশি কড়া সমালোচনাও থাকে, কিন্তু আরিয়ানের এ নাটকে দারুণ সব মন্তব্য।
এতো ভালো নাটকে ভিউ কম কেন? বিষয়টি ভাবাচ্ছে সাধারণ দর্শকদেরও। তাইতো ইউটিউবে নাটকের মন্তব্যের ঘরে অনেকেই প্রশ্ন করছেন, ‘এতো ভালো নাটকের ভিউ কম কেন?’
দর্শকের উস্কে দেয়া এমন প্রশ্ন সম্পর্কে জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, যারা বাংলা নাটকের মূল দর্শক এবং শিল্পকে ভালোবাসেন, তারা নাটকটি দেখছে। ফেসবুকে যেভাবে মানুষ তাদের পছন্দের কথা লিখছে সেই তুলনায় ভিউয়ের রেশিও চোখে পড়ার মতো কম। কাজটি জনপ্রিয় হয়েছে বিধায় লেখালিখি হচ্ছে। দর্শক ভালো কনটেন্ট যতো বেশি সাপোর্ট দেবে, ততবেশি ভালো কনটেন্ট তৈরি হবে। জনপ্রিয় কনটেন্টে বেশি ভিউ হলে আমি খুশি হবো। এই দায়িত্ব ও দায়ভার দর্শকদের নিতে হবে।
‘এখানেই শেষ নয়’ নাটকটি নিয়ে অভিনেতা তৌসিফ মাহবুব ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, তার ক্যারিয়ারে অন্যতম সেরা কাজ। নির্মাতা আরিয়ান নিজেও তাই মনে করেন। তিনিও তার ফেসবুকে পোস্ট দিয়ে এমনটা জানিয়েছিলেন।
আরিয়ান বলেন, যখন প্রি-প্রডাকশন করি তৌসিফ-ফারিণ দুজনকেই বলেছিলাম এই কাজটায় তোমাদের দুজনের ক্যারিয়ারের সেরা পারফর্মটা চাই। কনটেন্টটা ভালো করার জন্য আমি আমার জন্য এটা চেয়েছিলাম। তারা মনোযোগী থেকে তাদের মতো করে ভালো করার খুব চেষ্টা করেছে। সেই ফিডব্যাকটা এখন আমরা সবাই পাচ্ছি।








