রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক মাহুতের কিশোর পুত্রের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম জাহিদ (১৭), সে চিড়িয়াখানার মাহুত আজাদ আলির পুত্র।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে চিড়িয়াখানা সূত্রে জানা গেছে।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানান, মাহুত আজাদ আলী তার ছেলেকে নিয়ে হাতির ব্যায়ামখানায় ঢুকে পড়লে হাতি অপরিচিত মানুষ পেয়ে আক্রমণ করে। চিড়িয়াখানা কর্তৃপক্ষকে না জানিয়ে আহত ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে গেলে পথেই ছেলে মারা গেলে লাশ নিয়ে গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায় চলে গেছে আজাদ আলী।
মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে পাঁচটি হাতি রয়েছে।








