অস্কারের দৌড় থেকে ছিটকে গেছে কিরণ রাও পরিচালিত ও আমির খান প্রযোজিত সিনেমা ‘লাপাতা লেডিস’। মঙ্গলবার অ্যাকাডেমি অব মোশন পিকচার্স, আর্টস অ্যান্ড সায়েন্সেস ২০২৫ সালের অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য ১৫টি ছবির নাম ঘোষণা করে। তাতে নেই ‘লাপাতা লেডিস’।
আর সেটা দেখার পরই ভ্রু কুঁচকে যায় অনেকের। এবার অমল পালেকরের বলা একটি কথা যেন নতুন করে উসকে দিল বিতর্ক।
অমল পালেকারকে ২০১৫ সালে ভারতের অস্কার জুরির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। যারা একাডেমি পুরস্কারের জন্য ভারতীয় ছবি বেছে নেওয়ার দায়িত্ব পালন করে। সম্প্রতি এক সাক্ষাতকারে অমল পালেকারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, চৈতন্য তামহানের ‘কোর্ট’ এর পরিবর্তে কোনো সুপারস্টার তার উপরে চাপ দিয়েছিল কিনা, নিজের সিনেমাকে সেই বছর অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি ঘটাতে। এ নিয়ে বড়সড় বক্তব্য দিয়ে সবাইকে চমকে দিয়েছেন অমল পালেকর।
অমল পালেকার প্রকাশ করেছেন যে, তিনি যখন জুরির সদস্য ছিলেন তখন তাকে বলিউড লবির চাপের মুখে পড়তে হয়েছিল, একটি বড় তারকার ছবি অস্কারে পাঠানোর জন্য। চৈতন্য তামহানের ‘কোর্ট’ জুরিদের পছন্দের ছিল, কিন্তু একজন সুপারস্টার তার চলচ্চিত্র বিবেচনা করার জন্য তাদের উপর চাপ দিয়েছিলেন। যদিও পালেকার বা সাক্ষাৎকার গ্রহণকারী কোনো সিনেমা বা কোনো তারকার নাম নেননি, তবে মানুষ বিশ্বাস করেন যে তিনি আমির খান এবং তার ছবি ‘পিকে’ নিয়ে কথা বলছিলেন।
আর তারপর থেকেই চর্চা হতে থাকে যে, এবারেও ‘লাপাতা লেডিস’ ‘এরকমই চাপ দিয়ে’ বাছাই করা হয়েছিল কি না! কারণ সমালোচকদের দাবি, সিনেমাটি কখনোই অস্কারে যাওয়ার মতো নয়। কারণ, যখন মাসখানেক আগে অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে লাপাতা লেডিসের নাম ঘোষণা হয়, তখন অনেকেই তা মানতে পারেনি! পায়েল কাপাডিয়ার সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’কে এগিয়ে রেখেছিল সেই সময় একাধিক মানুষ।
‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’র মতো সিনেমা থাকা সত্ত্বেও, কেন আমির খান প্রযোজিত লাপাতা লেডিসকেই বাছা হয়েছিল, তা নিয়ে উঠেছিল বিতর্ক। আমির কিন্তু নিজেকে এমনিতে যে কোনো ভারতীয় অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে দূরে রাখেন। এমনকি, অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে তার কথায় বারে বারে ফুটে ওঠে ‘অবজ্ঞা’। সেখানে আমির কি আদৌ ‘অস্কারের লোভে’ এমন কাণ্ড ঘটাবেন! আপাতত নেটদুনিয়ার চর্চার নতুন টপিক এটাই।- টাইমস অব ইন্ডিয়া








