রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিংয়ে অস্থায়ী রেল শ্রমিকদের অবরোধের আড়াই ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
আগামী বৃহস্পতিবারের (১৯ ডিসেম্বর) মধ্যে রেলওয়ের অস্থায়ী গেটকিপার-ওয়েম্যানদের বকেয়া বেতন দেয়া হবে, কর্তৃপক্ষের এমন আশ্বাস পেয়ে রেলপথ ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা।
শ্রমিকরা বলেন, যদি বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন দেয়া না হয়, তাহলে আগামী রোববার সকালে আবারও এই আন্দোলন করা হবে। সেদিন কারো আশ্বাসে আমরা রেললাইন ছেড়ে যাব না। বেতন না হওয়া পর্যন্ত আমরা রেললাইনে অবস্থান করব।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গত পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকালে এফডিসি রেলক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা।
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, বেলা পৌনে ১১টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এমন হয়েছে।







