ঢাকা সিটি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চতুর্থ দিনেও অব্যাহত রয়েছে।
শুক্রবার ১৮ জুলাই সকাল থেকেই কলেজের প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন ২৫তম ও ২৬তম ব্যাচের শতাধিক শিক্ষার্থী।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ কাজী নিয়ামুল হক কর্তৃত্ববাদী আচরণে কলেজ পরিচালনা করছেন। তার ঘনিষ্ঠ একটি গোষ্ঠী বিভিন্ন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারে জড়িত। তারা জানান, এ পরিস্থিতিতে কোনো ধরনের শ্রেণি কার্যক্রম, অভ্যন্তরীণ পরীক্ষা ও ফি প্রদানসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাবে।
২৬তম ব্যাচের শিক্ষার্থী রাইহান হোসেন বলেন, ‘আমরা পড়তে চাই, পরীক্ষা দিতে চাই। কিন্তু একজন স্বেচ্ছাচারী অধ্যক্ষের কারণে কলেজের পরিবেশ প্রতিদিনই খারাপ হচ্ছে। আমাদের সহপাঠীরা আহত হওয়ার পরও কোনো তদন্ত হয়নি। পদত্যাগ ছাড়া কোনো কিছুতেই আমরা রাজি নই।’
২৫তম ব্যাচের শিক্ষার্থী তাসনিম আক্তার বলেন, ‘শুধু আমাদের না, আগের ব্যাচের শিক্ষার্থীরাও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছে। কিন্তু প্রতিবার চাপা দিয়ে দেওয়া হয়েছে। এবার আর তা হতে দেব না। প্রশাসনের কোনো নির্দেশ আমরা মানব না, কারণ তারা আমাদের পক্ষে কাজ করছে না বরং আন্দোলন ঠেকাতে গেট বন্ধ করে ভয়ভীতি দেখাচ্ছে।’
এদিকে কলেজের চারপাশে মোতায়েন রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এখনও, তবে পরিস্থিতি থমথমে।
উল্লেখ্য, গত ৮ জুলাই শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় মেহেদী হাসান তানিম ও অপু নামের দুই শিক্ষার্থী আহত হন। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কলেজের পরিবেশ। যদিও প্রশাসনের পক্ষ থেকে ভর্তি ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।








