ভোজ্যতেলের কিছু সমস্যা থাকলেও শাক সবজির দাম বাড়েনি বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ মঙ্গলবার (৪ মার্চ) সচিবালয়ে চাঁদপুরের নৌযানে দুর্ঘটনায় নিহত ৬ জন শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে। সরবরাহে কোন ঘাটতি নেই। কোন আমদানিকারক বন্দর থেকে নির্ধারণ সময়ে পণ্য না নিলে তিন গুণ জরিমানা দেওয়া লাগবে।
এর আগে, ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এম ভি আল-বাখেরা সারবাহী নৌযানে দুর্ঘটনায় নিহত ৬ জন শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর করা হয়।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে ৩ লাখ টাকার চেক দেওয়া হয়।







