স্বাস্থ্য

ডেঙ্গু রোগীদের ঢাকায় না পাঠানোর নির্দেশ

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুরোগে আক্রান্ত কোনো রোগীকে ঢাকায় স্থানান্তর না করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (১৭ সেপ্টেম্বর) এক আলোচনা সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর এ নির্দেশ দেন।

তিনি বলেন, ঢাকার তুলনায় অন্যান্য জেলায় ডেঙ্গু সংক্রমণ বেড়েছে। আমরা ঢাকার বাইরে সব জায়গায় ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছি। সারা দেশের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি।

ডেঙ্গু রোগীদের জন্য আইভি ফ্লুইড সবচেয়ে বেশি প্রয়োজন উল্লেখ করে ডা. আহমেদুল কবীর বলেন, কিছু অসাধু ব্যবসায়ী এসময়ে সুযোগ নেওয়ার চেষ্টা করেন। আমরা সিভিল সার্জনদের নির্দেশনা দিয়েছি, কোথাও স্যালাইনের দাম বেশি রাখা হলে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।

তিনি বলেন, কিছু ক্লিনিক ও হাসপাতাল রোগীদের সঙ্গে প্রতারণা করছে। রোগীদের হাসপাতালে রাখছে এবং আইসিইউতে নিচ্ছে। এসব হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের জিম্মি করে কোনো অসাধু চক্রকে লাভবান হতে দেওয়া হবে না। যারা এ ধরনের কাজ করছে তারা দেশপ্রেমিক নয়।

তিনি বলেন, আমাদের স্যালাইনের সংকট হয়নি। কেউ আর্টিফিশিয়াল কোনো সংকট যেন তৈরি করতে না পারে, সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা বিদেশ থেকে তিন লাখ স্যালাইন আমদানি করছি।

বিষয়:ডেঙ্গু ডেঙ্গু রোগী স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…