ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নিজ বাসভবনে জনশুনানি চলাকালে এক যুবকের হাতে হামলার শিকার হয়েছেন। হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার ২০ আগস্ট এনডিটিভিসহ একাধিক ভারতীয় সাংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আজ সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য সাপ্তাহিক জনশুনানি চলাকলীন এ ঘটনা ঘটে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্ত গুজরাটের রাজকোটের বাসিন্দা রাজেশ খিমজি (৪১)। তার দেওয়া বক্তব্যকে অধিক তদন্ত করছে পুলিশ।
ঘটনার বিষয়ে উপস্থিত ব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা প্রথমে জানান, মুখ্যমন্ত্রীকে চড় মারা হয়েছে এবং তার চুল টেনে দেওয়া হয়েছে।
যদিও দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা সাংবাদিকদের বলেন, অনুষ্ঠানে এক ব্যক্তি রেখাকে টেনে তোলার চেষ্টা করলে মুখ্যমন্ত্রী আহত হন।
এক প্রতিবেদনে দাবি করা হয়, নিজের জেলবন্দি আত্মীয়কে ছেড়ে দেওয়ার আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিল রাজেশ। তবে সংবাদমাধ্যমকে রাজেশের মা বলেন, রাজেশ কুকুরপ্রেমী। এই আবহে দিল্লি থেকে সব পথকুকুরদের সরিয়ে দেওয়ার সুপ্রিম কোর্টের রায়ে মর্মাহত হয়েছিল সে।
মুখ্যমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা জানায়, মুখ্যমন্ত্রী যখন নাগরিকদের সঙ্গে কথা বলছিলেন এবং তাদের অভিযোগ শুনছিলেন, তখন হঠাৎ এক ব্যক্তি এগিয়ে এসে তার হাতে একটি কাগজের টুকরো তুলে দেন, উচ্চস্বরে কথা বলতে শুরু করেন, গালিগালাজ করেন এবং তারপর তাকে চড় মারেন।
এছাড়া দিল্লি বিজেপির মুখপাত্র প্রবীণ শঙ্কর কাপুর এর আগে বলেছিলেন, লোকটি চুল ধরে টানাটানি করে।







