ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
শফিকুল আলম বলেন, এবারের ভোট গণনা প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হতে পারে—এ কথা বৈঠকে জানানো হয়েছে। ভোট গণনায় দেরি হলে নানা ধরনের গুজব ছড়ানোর আশঙ্কা থাকে বলেও উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, এবার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ফলে একসঙ্গে দুটি ভোটের গণনা শুরু হবে। এর সঙ্গে যুক্ত থাকবে পোস্টাল ব্যালটের হিসাব, যার কারণে কিছু ক্ষেত্রে ভোট গণনায় সময় বেশি লাগতে পারে।
প্রেস সচিব আরও বলেন, চলতি নির্বাচনে বেশ কিছু নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সঠিক ও নির্ভুলভাবে ভোট গণনা নিশ্চিত করতে গিয়ে স্বাভাবিকভাবেই কিছুটা বিলম্ব হতে পারে।
তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের সব ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকে ব্যালট পেপার মুদ্রণ কার্যক্রম শুরু হচ্ছে।
নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে শফিকুল আলম বলেন, পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা নিরসন হয়েছে। ফলে নির্ধারিত ৩০০ আসনেই নির্বাচন আয়োজন করা হবে।








