স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪

ছবি: সংগৃহীত
স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। বুধবারের (২৮ অক্টোবর) এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির আঞ্চলিক কর্মকর্তারা।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় অঞ্চল কাস্তিয়া-লা মাঞ্চার প্রধান এমিলিয়ানো গার্সিয়া-পাগে দুর্ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, নিহতের সংখ্যা আনুমানিক ৬৪। তবে এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এর আগে নিহতের সংখ্যা ৩১ বলে জানানো হয়েছিল।
স্পেনের আঞ্চলিক টেলিভিশন কাস্তিয়া-লা মাঞ্চার প্রচারিত ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এর অন্তত একটি বগি উঁচু রেলপথের ওপর আটকে ছিল। রেললাইনের নিচের ঢালু এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ, ভাঙা প্যানেল ও ট্রেনের বিভিন্ন ধ্বংসাবশেষ।
দুর্ঘটনার ভয়াবহতা বর্ণনা করে এক যাত্রী কোপে রেডিওকে বলেন, তিনি কয়েকজন সহকর্মীর সঙ্গে একটি ট্রেনের পেছনের বগিতে ভ্রমণ করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা।
ওই যাত্রী বলেন, প্রায় ১০ সেকেন্ড ধরে প্রচণ্ড ধাক্কা ও শব্দ হচ্ছিল। তার মনে হচ্ছিল, ট্রেনটি লাইনচ্যুত হতে যাচ্ছে। ডান পাশের জানালা দিয়ে তিনি আরেকটি ট্রেনকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান।
কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকার জানিয়েছে, এর আগে নিহতের সংখ্যা ১০ থেকে বেড়ে ৩০ হয়েছিল। পরে তা আরও বেড়ে ৬৪-তে পৌঁছায়।
গত জানুয়ারিতে কর্দোবা প্রদেশের আদামুজের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। ওই ঘটনায় ৪৬ জন নিহত হন।




