আন্তর্জাতিক

সাইবার হামলায় লন্ডনের হিথ্রোসহ ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে বিপর্যয়

London Heathrow and European airports face chaos amid cyber attack. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্লাইট বিলম্বিত হওয়ায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যাত্রীদের ভিড়।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইউরোপের বেশ কয়েকটি বড় বিমানবন্দরে সাইবার আক্রমণের কারণে ইলেকট্রনিক চেক-ইন ও ব্যাগেজ সিস্টেম অচল হয়ে পড়ে, যার ফলে শত শত ফ্লাইট বিলম্বিত হয়। শনিবার এই সাইবার আক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর, যেখানে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হয়েছে।

রোববার ২১ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

সফটওয়্যার সরবরাহকারী কলিন্স অ্যারোস্পেস (আরটিএক্স মালিকানাধীন) জানিয়েছে, তাদের এমইউএসই সফটওয়্যার-এ সাইবার সংক্রান্ত ব্যাঘাত ঘটেছে। এই সফটওয়্যার বিভিন্ন এয়ারলাইন্সকে একই চেক-ইন ডেস্ক ও বোর্ডিং গেট ব্যবহার করার সুযোগ দেয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সমস্যা মূলত ইলেকট্রনিক চেক-ইন ও ব্যাগেজ ড্রপে সীমাবদ্ধ এবং ম্যানুয়াল পদ্ধতিতে আংশিক সমাধান করা যাচ্ছে।

হিথ্রো বিমানবন্দরে মালয়েশিয়া এয়ারলাইন্সের এক যাত্রী লুসি স্পেন্সার বলেন, দুই ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। লাগেজ ট্যাগ করা হচ্ছিল হাতে লিখে, আর ফোনে চেক-ইন করানো হচ্ছিল। কিন্তু বোর্ডিং পাস গেটে কাজ করছিল না।

অন্য যাত্রী মোনাজ্জা আসলাম জানান, তিনি এক ঘণ্টার বেশি সময় ধরে বিমানের ভেতরে বসে ছিলেন, কিন্তু ফ্লাইট ছাড়তে পারেনি। এদিকে শেষকৃত্যে যোগ দিতে ভারতে যাওয়ার কথা ছিল জনি লালের, কিন্তু ফ্লাইট মিস হওয়ায় তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেন।

হিথ্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ ফ্লাইট চালু থাকলেও বিলম্ব হচ্ছে এবং সমস্যা সমাধানের চেষ্টা চলছে। চেক-ইন এলাকায় অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে।

যুক্তরাজ্যের জাতীয় সাইবার সুরক্ষা কেন্দ্র জানিয়েছে, তারা বিমানবন্দর ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছে। ইউরোপীয় কমিশনও ঘটনার উপর নজর রাখছে, যদিও এখনও এটিকে ব্যাপক বা গুরুতর আক্রমণ হিসেবে দেখছে না।

ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়্যার অনুযায়ী, শনিবার ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বিলম্বিত হয়েছে। ইউরোকন্ট্রোল জানিয়েছে, শনিবার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত আগত ও প্রস্থানকারী অর্ধেক ফ্লাইট বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এটি একটি র‍্যানসমওয়্যার আক্রমণ হতে পারে। যদিও কিছু মহলে ক্রেমলিন-সমর্থিত হ্যাকারদের দিকে সন্দেহ করা হচ্ছে, তবে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। অতীতে রাশিয়া ও প্রাক্তন সোভিয়েত দেশগুলোতে সক্রিয় অনেক হ্যাকার চক্র মুক্তিপণ আদায়ের জন্য একই ধরনের হামলা চালিয়েছে।

বিষয়:ফ্লাইট বিলম্বিতযুক্তরাজ্যলন্ডনের হিথ্রো বিমানবন্দরসাইবার আক্রমণ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…