চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক এলো প্যাট কামিন্সের হাত ধরে। সবমিলিয়ে টি-টুয়েন্টির বিশ্বআসরে সপ্তম ও অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বমঞ্চে দ্বিতীয়। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষেই প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন অজিদের সাবেক গতিতারকা ব্রেট লি।
অ্যান্টিগায় সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে টিম টাইগার্স। শান্ত ৩৬ বলে ৪১, হৃদয় ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন। শেষদিকে হ্যাটট্রিক করেন অজি পেসার প্যাট কামিন্স।
১৮তম ওভারের শেষ দুই বলে মাহমুদউল্লাহ রিয়াদ ও শেখ মেহেদী হাসানকে সাজঘরে পাঠান কামিন্স। ৩ বলে ২ রান আসে মাহমুদউল্লাহর ব্যাট থেকে এবং শূন্য রানে ফেরেন মেহেদী। তাতে কামিন্সের শেষ ওভারে জাগে হ্যাটট্রিকের সম্ভাবনা।
নিজের চতুর্থ ও ইনিংসের শেষ ওভারটি করতে এসে প্রথম বলেই তাওহীদ হৃদয়কে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন অজিদের তারকা পেসার। ২টি করে চার-ছক্কায় ২৮ বলে ৪০ রান আসে হৃদয়ের ব্যাট থেকে।








