ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদো— চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা হারানোর পর ৩৭ বর্ষী মহাতারকার থাকা-না থাকা নিয়ে চলছে এমন আলোচনাই। নিজেই সেসবের শেষ টানলেন পর্তুগাল অধিনায়ক। আসছে মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে থাকার ইঙ্গিতের সঙ্গে শিরোপা উঁচিয়ে ধরার আশাও করছেন তিনি।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী জানিয়েছেন, ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তন করে ‘খুব খুশি’ তিনি। নতুন কোচ এরিক টেন হাগের অধীনে ভালো সময় কাটাবে ইউনাইটেড এবং দারুণকিছু অর্জন করবে, বিশ্বাস রোনালদোর।
‘প্রত্যাবর্তন করতে পেরে অনেক খুশি। এই ক্লাব আমার ক্যারিয়ারে অবিশ্বাস্য গতি এনে দিয়েছে। এখানে ফিরতে পারার অনুভূতি অসাধারণ ছিল। অনুভব করেছি যে সমর্থকরাও সেখানে ছিল। ছিলাম এবং আমি এখনও এখানে এসে খুব খুশি।’
‘আমার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাচ, কিছু চ্যাম্পিয়নশিপ অথবা শিরোপা জিততে চেষ্টা করা। বিশ্বাস করি ম্যানচেস্টার ইউনাইটেড তাদের প্রাপ্য অবস্থান পাবে। আগেও বলেছি, এতে কিছুটা সময় লাগবে হয়ত, তবে এখনও বিশ্বাস করি।’ -বলছেন রোনালদো।
২০২৩ সাল পর্যন্ত রেড ডেভিলদের সঙ্গে চুক্তি আছে রোনালদোর। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারানোয় একবছর আগেই ক্লাব ছাড়তে পারেন তিনি, এমন আলোচনায় সরগরম ছিল ইংলিশ মিডিয়া। নতুন কোচ এরিক টেনের অধীনে তার খেলা নিয়েও সংশয় জাগে। সবকিছু ছাপিয়ে রোনালদোর এমন মন্তব্য ইউনাইটেডের আশার পালে হাওয়া দিচ্ছে ঘুরে দাঁড়ানোয় নেতৃত্ব দেবেন সিআর সেভেন।
গত গ্রীষ্মে জুভেন্টাস ছেড়ে ১২ বছর পর আবারও লাল জার্সি গায়ে চড়ান রোনালদো। প্রত্যাবর্তনে ক্লাবটির সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলদাতাও বনে যান। প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচে ২৪ গোল করে হন গত মৌসুমে লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।








