বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিকে ১২৮ ধরে ছিল না ক্রিকেট ইভেন্ট। ‘দ্য বিগেস্ট শো অন আর্থ’র ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে আবারও দেখা যাবে খেলাটিকে। পরের আসরে থাকবে কিনা সেটার যদিও নিশ্চয়তা নেই। নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভাপতি জয় শাহ চান, ২০৩২ ব্রিসবেন অলিম্পিকেও থাকুক ক্রিকেট ইভেন্ট।
বৃহস্পতিবার অলিম্পিক আয়োজক কমিটির সঙ্গে বৈঠক করেছেন আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ। আলোচনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি।
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে টি-টুয়েন্টি ফরম্যাটে হবে খেলা। ক্রিকেটের জন্য স্টেডিয়াম বেছে নেয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। মূল অলিম্পিক লস অ্যাঞ্জেলেসে হলেও ক্রিকেট হতে পারে আমেরিকার পূর্ব দিকের মিয়ামি বা নিউইয়র্ক শহরে।
অস্ট্রেলিয়ায় ক্রিকেট বেশ জনপ্রিয় হলেও ব্রিসবেন অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি এখনও নিশ্চিত নয়। আলোচনা করতে বৃহস্পতিবার ব্রিসবেনে গিয়েছেন জয় শাহ। সেখানে অলিম্পিক আয়োজক কমিটির প্রধান সিন্ডি হুক এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মূখ্যকর্তা নিক হকলির সঙ্গে বৈঠক করেছেন তিনি।







