যুক্তরাষ্ট্রে জাতি ও বর্ণের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা

Protesters holding a sign supporting fair admissions for all outside the U.S. Supreme Court building. Channel i News – চ্যানেল আই নিউজ
জাতি ও বর্ণের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এক রায়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এই রায়ের ফলে সংখ্যালঘু এবং আফ্রিকান-আমেরিকানদের শিক্ষালাভের সুযোগ ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসি জানিয়েছেন, শীর্ষ আদালতের এই রায়ের সাথে একমত পোষণ করেননি প্রেসি়ডেন্ট জো বাইডেন। তিনি বলেন, এই রায় গত কয়েক দশকের ইতিহাস ভুলে গিয়েছে। আমেরিকায় এখনও বৈষম্য রয়েছে। আমরা এই সিদ্ধান্তকে শেষ কথা হতে দিতে পারি না।
দীর্ঘদিন ধরে চলা এই আইন বাতিলের পক্ষে ছয় জন রক্ষণশীল এবং বিপক্ষে তিন জন উদারপন্থী ভোট দেন। প্রধান বিচারপতি জন রবার্টসও আইন বাতিলের পক্ষে ভোট দেন।
প্রধান বিচারপতি তার মতামতে লিখেছেন, সেই সময় এই পদক্ষেপ সঠিক উদ্দেশে নেওয়া হলেও তা চিরকাল স্থায়ী হতে পারে না। অন্যদের জন্য এই বিধান অসাংবিধানিক ও বৈষম্যমূলক। ছাত্রছাত্রীদের বিচার পড়াশোনা এবং অভিজ্ঞতার ভিত্তিতে করা দরকার, জাতি-বর্ণের ভিত্তিতে নয়।
তিনি আরও বলেন, অনেক বিশ্ববিদ্যালয় এত দিন এর উল্টোটাই করে এসেছে। এর ফলে তারা এক জনের পরিচয়কে মেধার ভিত্তিতে নয়, শরীরের রং বা জাতি হিসেবে দেখে এসেছে। এ সবই আমাদের সংবিধানের পরিপন্থী।
এদিকে কোর্টের রায়ের পর এ বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বৈচিত্র্য এবং স্বতন্ত্রতা শিক্ষাগত শ্রেষ্ঠত্বের জন্য অপরিহার্য।






