কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন, ‘দেশের ভবিষ্যৎ ক্যান্টেনমেন্ট থেকে নয়, নির্ধারিত হবে অভ্যুত্থানের মঞ্চ শাহবাগ থেকে।’
আজ সোমবার (৫ আগস্ট) দুপুর ২.১০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ স্ট্যাটাস দেন।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম দাবি আদায়ে প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যেকোনো পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত থাকে। আমরা আজ লাঠি হাতে নিয়েছি। লাঠিতে কাজ না হলে আমরা হাতে অস্ত্র নিতে প্রস্তুত।’
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত আজ ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে কারফিউ ভেঙে ঢাকার রাজপথে লাখো মানুষ। মতিঝিল, পল্টন, ধানমন্ডি, মিরপুর, মালিবাগ, শনির আখড়া, আজিমপুরসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ শাহবাগের দিকে আসছেন। এ ছাড়া ঢাকার প্রবেশপথগুলো দিয়ে হেঁটে ঢাকায় প্রবেশ করছে হাজারও মানুষের মিছিল।
কর্মসূচিতে যোগ দিতে আসা আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে বাধাগ্রস্ত হলেও অবশেষে শাহবাগে প্রবেশ করে অবরোধ করেছেন তারা। দুপুর আড়াইটার দিকে জনসমুদ্রে পরিণত হয়েছে সাভার।
দুপুর ১টার দিকে মৎস্য ভবন এলাকার রাস্তা দিয়ে শাহবাগে প্রবেশ করেন আন্দোলনকারীরা। পরে সেনাবাহিনী তাদের বেষ্টনী দিয়ে নিরাপত্তা দেয়। পেছনে পুলিশ অবস্থান করতে থাকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাজার হাজার আন্দোলনকারী মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে যাত্রা করতে থাকে।







