রূপপুরের পথে ইউরেনিয়াম বহনকারী লরিবহর, কঠোর নিরাপত্তা

ছবি: সংগৃহীত
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়াম বহনকারী লরিবহর রওনা হয়েছে। প্রথম ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি তিনটি বিশেষ লরিতে করে সড়কপথে প্রকল্প এলাকায় নেওয়া হচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটে বিমানবন্দর থেকে লরিগুলো যাত্রা শুরু করে। ইউরেনিয়াম পরিবহনের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুরো পথে সম্ভাব্য ঝুঁকি এড়াতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী একটি বিশেষ উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) দায়িত্বশীল কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।
রূপপুর প্রকল্পের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও নয়টি পৃথক ফ্লাইটে ইউরেনিয়ামের চালান দেশে আসার কথা রয়েছে। এসব চালানে প্রথম ইউনিটের জন্য আরও ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে।
জ্বালানি বহনকারী এসব উড়োজাহাজ রাশিয়া থেকে যাত্রা করে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবে।






