সারা আলিকে যে কারণে ক্ষমা চাইতে বললেন মাওলানা

কেদারনাথ মন্দিরে গিয়ে প্রার্থনা করায় বলিউড অভিনেত্রী সারা আলি খানকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন উত্তর প্রদেশের বেরেলির এক ধর্মীয় নেতা। তার দাবি, অন্য ধর্মের উপাসনালয়ে গিয়ে প্রার্থনা করা ইসলামী শরিয়াহ অনুযায়ী ‘নাজায়েজ’ ও ‘হারাম’। এ নিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে ফতোয়াও জারি করেছেন তিনি।
‘দ্য স্টেটসম্যান’-এর প্রতিবেদন অনুযায়ী, অল ইন্ডিয়া মুসলিম জামাতের জাতীয় সভাপতি মাওলানা মুফতি শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সারা আলি খানের কেদারনাথ মন্দিরে যাওয়া ও সেখানে প্রার্থনা করার বিষয়ে মন্তব্য করেছেন। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে তিনি জানান, এ ঘটনা নিয়ে অনেক তরুণ মুসলিম তার কাছে জানতে চেয়েছেন।
মাওলানার ভাষ্য, ইসলামী শরিয়াহ অনুযায়ী কোনো মুসলিম নারী বা পুরুষের অন্য ধর্মের উপাসনালয়ে গিয়ে প্রার্থনা করা কিংবা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়া অনুমোদিত নয়। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড ‘নাজায়েজ’।
তিনি আরও বলেন, সারা আলি খান যদি নিজের ইচ্ছায় কেদারনাথ মন্দিরে গিয়ে প্রার্থনা করে থাকেন এবং আশীর্বাদ চেয়ে থাকেন, তাহলে তার ব্যাখ্যা অনুযায়ী সেটি পাপের কাজ। এ জন্য অভিনেত্রীকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে এবং তওবা করতে হবে।
অপরদিকে, কেদারনাথ মন্দিরের সঙ্গে সারা আলি খানের সম্পর্ক দীর্ঘদিনের। অভিনেতা সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা বহু বছর ধরেই হিমালয়ের এই তীর্থস্থানে যাতায়াত করছেন।
২০১৮ সালে অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় সারার। ছবিটিতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১৩ সালে উত্তরাখণ্ডে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল ছবিটি।
এরপর বিভিন্ন সময়ে কেদারনাথ মন্দিরে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী। সাম্প্রতিক তীর্থযাত্রার সময়ও তাকে মন্দিরে পূজা ও আরতিতে অংশ নিতে দেখা গেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়।
এ ছাড়া কেদারনাথের কাছাকাছি অবস্থিত ভুকুন্ত ভৈরব মন্দিরেও যান সারা। সেখানেও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন তিনি।
সারার কেদারনাথ মন্দিরে যাওয়া ও প্রার্থনা নিয়ে ধর্মীয় নেতার এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। দ্য স্টেটসম্যান






