‘সুলতানার স্বপ্ন অবারিত’ স্লোগানে দেশে প্রথমবারের মতো নারীদের শীতকালীন অভিযান সফল করে গত ১৪ জানুয়ারি দেশে ফিরেছেন অভিযাত্রী দলের নারী সদস্যরা। অভিযান শেষে অভিযানের পতাকা হস্তান্তর করেছেন ৫ নারী অভিযাত্রী।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান মিলনায়তনে পৃষ্ঠপোষক ও সহযোগীদের হাতে অভিযানের পতাকা হস্তান্তর করেন টিম লিডার নিশাত মজুমদারসহ ৫ সুলতানা।
এসময় প্রথমবারের মতো প্রেস ও শুভাকাঙ্খীদের সামনে নিজেদের রোমাঞ্চকর অভিজ্ঞতা বিনিময় করেন এই ৫ নারী অভিযাত্রী।
এতে উপস্থিত ছিলেন ইউনেস্কোর হেড অব কমিউনিকেশন নুসরাত আমিন, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মো. কামাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারাহ জাকের ও মফিদুল হক।
অভিজ্ঞতা বিনিময় করেন টিম লিডার দেশের এভারেস্টজয়ী প্রথম নারী নিশাত মজুমদার, ইয়াসমিন লিসা, তহুরা সুলতানা রেখা, এপি তালুকদার ও অর্পিতা দেবনাথ।
নারী দলের টিম লিডার নিশাত মজুমদার বলেন, এই অভিযানের লক্ষ্য ছিল বাংলাদেশের নারীদের দৃঢ়তা, কল্পনাশক্তি ও সাহসিকতা উদযাপন করা। আগামীতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয়ের কথা জানান তিনি।
নেপালের অনুষ্ঠিত হওয়া এই শীতকালীন অভিযানে ল্যাংটাং রিজিওনের ইয়ালা পিক (৫৫০০মিটার), সুরিয়া পিক (৫১৪৫ মিটার) ও গোঁসাইকুন্ড পিক (৪৭৪৭মিটার) আরোহণ করেছে টিম সুলতানা’জ ড্রিম আনবাউন্ড।
পর্বতারোহীদের সংগঠন অভিযাত্রী আয়োজিত এই অভিযানের সার্বিক পৃষ্ঠপোষকতা করেছে আন্তর্জাতিক ব্র্যান্ড মাস্টারকার্ড। আয়োজনটিকে এনডোর্স করেছে ইউনেস্কো, ঢাকা এবং সার্বিক সহযোগিতায় ছিল মুক্তিযুদ্ধ জাদুঘর।








