শেষ হলো ভারতে ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’র অনুষ্ঠান। প্রথমে শুধু মুম্বাই শহরে অনুষ্ঠানের কথা ঘোষণা করা হলেও অনুরাগীদের উত্তেজনা দেখে মুম্বাই ও আহমেদাবাদ মিলিয়ে পাঁচটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষ অনুষ্ঠানটি ছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
রবিবার (২৬ জানুয়ারি) ঐতিহাসিক সেই মুহূর্তেরই সাক্ষী রইলেন লক্ষ লক্ষ মানুষ। সুরের মূর্ছনায় ভাসলেন তারা। গানের সঙ্গে আলোর খেলাতেও ভেসে চললেন তারা। গানের কথার সঙ্গে মিলিয়ে কখনও লাল, কখনও বা নীল রঙে ভরে উঠল স্টেডিয়াম। ঠিক ‘কোল্ডপ্লে’-র গানের পংক্তি ‘লাইটস উইল গাইড ইউ হোম, অ্যান্ড ইগনাইট ইয়োর বোনস্’। অপলক দৃষ্টিতে সেই মুহূর্ত ওটিটি-তেও উপভোগ করলেন বাকি অনুরাগীরা।
তবে এই সবের মধ্যে ‘কোল্ডপ্লে’-র মূল শিল্পী ক্রিস মার্টিন মুগ্ধ করলেন তার ব্যবহারে। অনুষ্ঠান তখন প্রায় শেষের পথে। ‘মাই ইউনিভার্স’ গানটি শুরু করছে ব্রিটিশ ব্যান্ড। শুরু হওয়ার সঙ্গে সঙ্গে থেমে গেলেন ক্রিস।
মঞ্চ থেকেই তার চোখে পড়ল এক অনুরাগী শ্রোতাদর্শকের অবস্থা মোটেই ভাল নয়। ভিড়ের চাপে অতিষ্ঠ অনুরাগী। এই দেখে চুপ থাকেননি ক্রিস। নিজেই জিজ্ঞেস করেন, তিনি ঠিক আছেন কিনা। আশপাশের মানুষকে অনুরোধ করেন একটু জায়গা করে দেওয়ার।সব ঠিক হলে আবারও শুরু থেকে ধরেন ‘মাই ইউনিভার্স’ গানটি। শুধু গান নয়। ‘কোল্ডপ্লে’-র অনুষ্ঠান যেন এক আবহ তৈরি করে দেয়।
গানের কথায় বাস্তবতা থাকলেও, সুর ও বাদ্যযন্ত্রের মেলবন্ধন যেন এক অন্য জগতে নিয়ে যায় অনুরাগীদের। তাদের গানের পংক্তি ব্যবহার করেই বলা যায় ‘কল ইট ম্যাজিক, কল ইট ট্রু’। ‘কোল্ডপ্লে’ এদিন অনুষ্ঠান শেষ করে তাদের অন্যতম জনপ্রিয় গান ‘স্কাই ফুল অফ স্টারস’ গেয়ে। তবে অনুষ্ঠান শেষ হলেও এর রেশ থেকে যাবে সারা জীবন। মনে করছেন অনুরাগীরা।







