ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত

Dhaka Medical College Hospital’s main entrance with visitors and staff, showcasing the emergency department signage. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত (১৯) এক সিএনজি চালক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে ঘটনাটি ঘটে। পরে গুরুতর জখম অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা পথচারী সুমন জানান, আজ ভোরের দিকে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই সিএনজি চালক আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আজ ভোরে রক্তাক্ত জখম অবস্থায় ওই সিএনজি চালককে মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে আমরা এখনো ওই চালকের নাম পরিচয় জানতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।






