দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী, এমনকি একদিন অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দিনের ও রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিনও দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (৭ আগস্ট) ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের কয়েকটি স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে শনিবার (৮ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।







