জনপদ

এমপির উপস্থিতিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের দৃশ্য, এমপির উপস্থিতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, এমপির উপস্থিতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরিশালের উজিরপুরে স্বাধীনতা দিবসে বরিশাল-২ (উজিরপুর- বানারীপাড়া) সংসদ সদস্য শাহে আলমের উপস্থিতিতে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালের অনুসারীদের হামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস সরদার আহত হয়েছে।

রোববার সকাল পৌনে ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষের সামনে ঘটনাটি ঘটে।

জানা গেছে, স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্বে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক কুচকাওয়াজের জন্য সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চলে যায়। এ সময় সংসদ সদস্য মোঃ শাহে আলম ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল মাঠে না গিয়ে উপজেলা পরিষদের সভা কক্ষের সামনে তাদের অনুসারীদের নিয়ে বসে ছিলেন। এর কিছু সময়ের পর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস সরদার সংসদ সদস্য শাহে আলমকে সালাম বিনিময় করতে গেলে উপস্থিত সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল আওয়ামী লীগ নেতা ইদ্রিস সরদারকে  বিভিন্ন ধরনের কটুক্তিমূলক কথা বলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে একপর্যায়ে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানের অনুসারী সংসদ সদস্যর উপস্থিতিতে আওয়ামী লীগ নেতা কাজী রিয়াজ, পলাশ তালুকদারসহ ৮-১০ জন মিলে ইদ্রিস সরদারের উপর হামলা চালায়। হামলার পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য শাহে আলম উপস্থিত থাকায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সে অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি।

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। আহত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস সরদার বলেন, বরিশাল-২ আসনের সংসদ সদস্যকে সালাম বিনিময় করতে গেলে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল আমাকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কটুক্তি করে। কটুক্তির প্রতিবাদ করতে গেলে তার অনুসারীরা তাৎক্ষণিক হামলা চালিয়ে আমাকে আহত করেছে।

তবে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল বলেন, তার ও এমপির সামনে মারামারি হয়নি। কিছুদূরে এ ঘটনা ঘটেছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন বলেন, ঘটনাটি দুঃখজনক। বিষয়টি আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহকে অবিহিত করবো। তিনি যে সিদ্ধান্ত নিবেন আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার চেষ্টা করবো।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু বলেন, এই অনুষ্ঠানকে বানচাল করার জন্য যারা এ হামলা চালিয়েছে তারা সরকারকে বির্তক করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা উচিত।

বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলমের মোবাইল ফোনে বার বার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, বিষয়টি শুনেছি তবে এ পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…